বাংলা টেলিভিশনের দর্শকদের জন্য আসছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’। বলিউডের ‘বিগ বস’-এ সালমান খানের মতো এবার বাংলার সংস্করণে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক ও ‘প্রিন্স অব কলকাতা’ খ্যাত সৌরভ গাঙ্গুলীকে। তাঁর মতো জনপ্রিয় একজন ব্যক্তিত্বকে সঞ্চালকের ভূমিকায় পেয়ে শোটি নিয়ে দর্শকদের আগ্রহ ইতোমধ্যেই তুঙ্গে।
আগামী ৩০ আগস্ট থেকে স্টার জলসা ও জিওহটস্টারে শুরু হওয়ার কথা রয়েছে ‘বিগ বস বাংলা’র নতুন এই আয়োজন। ক্রিকেট মাঠে নেতৃত্বের পর এবার রিয়েলিটি শোর মঞ্চে সৌরভকে সামলাতে হবে প্রতিযোগীদের নানা কৌশল, মানসিক চাপ, বন্ধুত্ব, দ্বন্দ্ব ও বিতর্ক। ফলে ক্রিকেটের মাঠের বাইরে তাঁর নতুন এই ভূমিকাও দর্শকদের জন্য হতে যাচ্ছে ভিন্নধর্মী অভিজ্ঞতা।
প্রযোজনা সংস্থা অ্যান্ডেমলশাইন ইন্ডিয়া বাংলায় জনপ্রিয় এই ফরম্যাটকে নতুনভাবে উপস্থাপন করছে। এবারের আয়োজনের মূল ভাবনা—‘দুর্গ জয় সহজ নয়’। বিগ বসের ঘরে প্রতিযোগীদের টিকে থাকার লড়াই যে সহজ হবে না, সেটিই তুলে ধরা হবে অনুষ্ঠানে। সেখানে বন্ধুত্ব যেমন মুহূর্তেই দ্বন্দ্বে রূপ নিতে পারে, তেমনি বদলে যেতে পারে খেলার নিয়ম ও কৌশল।
‘বিগ বস বাংলা’ ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে কাউন্টডাউন। কারা প্রবেশ করবেন বিগ বসের ঘরে এবং শেষ পর্যন্ত কার মাথায় উঠবে বিজয়ের মুকুট—এসব প্রশ্নের উত্তর জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে অনুষ্ঠান শুরুর দিন পর্যন্ত। ৩০ আগস্ট রাত ৮টায় স্টার জলসা ও জিওহটস্টারে উদ্বোধনী পর্ব সম্প্রচারের কথা রয়েছে। পরদিন থেকে প্রতিদিন রাত সাড়ে ৯টায় সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় দেখা যাবে প্রতিযোগীদের নানা বিতর্ক, ড্রামা ও জমজমাট লড়াই।



