বিশ্বব্যাপী শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার সুবিধার্থে ‘ব্যাক টু স্কুল’ প্রোগ্রামের আওতায় ১ বছরের জন্য বিনামূল্যে ‘গুগল এআই প্লাস’ (গুগল ওয়ান) সুবিধা দিচ্ছে টেক জায়ান্ট গুগল। বাংলাদেশেও অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের অন্তত ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা এই অফারটি গ্রহণ করতে পারবেন। এর জন্য ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের বৈধ স্টুডেন্ট আইডি বা সাম্প্রতিক সেমিস্টার ফি প্রদানের রশিদ দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
এই প্যাকেজের আওতায় সাধারণ ব্যবহারকারীদের চেয়ে দ্বিগুণ (2x) বেশি ব্যবহারের সীমার পাশাপাশি জেমিনি অমনি (Gemini Omni)-এর মাধ্যমে টেক্সটের পাশাপাশি ভিডিও তৈরি ও প্রক্রিয়াকরণের ফিচার মিলবে। এছাড়া গবেষণার তথ্য সংরক্ষণ ও ব্যাকআপের জন্য পাওয়া যাবে ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ। সেই সাথে আনলিমিটেড কোর্স নোট বা স্লাইড আপলোড করে অটোমেটিক স্টাডি গাইড, ফ্ল্যাশ কার্ড বা কুইজ তৈরি এবং ইন্টারেক্টিভ ‘স্টাডি নোটবুক’ ব্যবহারের বিশেষ সুবিধা থাকছে।
অফারটি চালু করতে শিক্ষার্থীদের গুগল ওয়ানের ‘স্টুডেন্ট অফার’ পেজে গিয়ে কান্ট্রি হিসেবে বাংলাদেশ নির্বাচন করে আবেদন পাঠাতে হবে। অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য আন্তর্জাতিক লেনদেন সমর্থিত (যেমন ডুয়াল কারেন্সি) কার্ডের তথ্য যুক্ত করার প্রয়োজন হতে পারে, তবে ১ম বছরে কোনো টাকা কাটা হবে না। কোর্স উপাদান সামলানো, কোডিং, ডাটা অ্যানালাইসিস এবং অ্যাসাইনমেন্ট তৈরিতে এই প্রিমিয়াম ফিচারগুলো শিক্ষার্থীদের পড়াশোনার গতি বহুগুণ বাড়িয়ে দেবে।



