ডিজিটাল লেনদেন আরও সম্প্রসারণের লক্ষ্যে বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টে ইন্টারচেঞ্জ রেইমবার্সমেন্ট ফি (আইআরএফ) শূন্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবা প্রদানকারীদের বাংলা কিউআরভিত্তিক ছোট অঙ্কের লেনদেনে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, বাংলা কিউআরভিত্তিক লেনদেনে আইআরএফের হার শূন্য হওয়ায় কোনো বাংলা কিউআর লেনদেনের ক্ষেত্রে ইস্যুয়িং প্রতিষ্ঠান অ্যাকোয়ারিং প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ফি বা সার্ভিস চার্জ পাবে না।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে। এ ক্ষেত্রে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি জারি করা বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনসংক্রান্ত নির্দেশনার অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এ ছাড়া গত ১ জুলাই ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB)-এর মাধ্যমে সম্পাদিত লেনদেন এবং কার্ড স্কিমের মাধ্যমে সরকারি অর্থ পরিশোধে ফি ও চার্জ নির্ধারণসংক্রান্ত যে সার্কুলার জারি করা হয়েছিল, সেটিও রহিত করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই উদ্যোগের ফলে বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেন আরও সহজ ও উৎসাহব্যঞ্জক হবে বলে আশা করা হচ্ছে।



