ডেটিং অ্যাপের ক্লান্তি এড়াতে নিউ ইয়র্ক সিটিতে জনপ্রিয় হয়ে উঠেছে একটি অভিনব উদ্যোগ—’মিসড কানেকশনস ফটো বুথ’ (Missed Connections Photo Booth)। ওয়েস্ট ভিলেজের ইউনিভার্সিটি প্লেসে অবস্থিত এই বুথটিতে ইতোমধ্যেই কয়েক হাজার সিঙ্গেল তরুণ-তরুণী তাদের সম্ভাব্য জীবনসঙ্গী বা সঙ্গীর খোঁজে ভিড় জমিয়েছেন।
অংশগ্রহণকারীরা প্রথমে একটি কিউআর (QR) কোড স্ক্যান করে ব্যক্তিত্ব, পছন্দ-অপছন্দ ও মূল্যবোধ বিষয়ক একটি সংক্ষিপ্ত জরিপের উত্তর দেন। প্রশ্নাবলীর উত্তর এবং ১০ ডলার ফি প্রদানের পর অ্যালগরিদমটি পূর্বের অংশগ্রহণকারীদের মধ্য থেকে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ (compatible) ব্যক্তির ছবি ও নাম নির্বাচন করে। বুথ থেকে দুটি ফটো স্ট্রিপ বের হয়—একটি ব্যবহারকারীর নিজের এবং অন্যটি তার জন্য নির্বাচিত সম্ভাব্য ম্যাচ বা ‘মিসড কানেকশন’-এর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর টিকটক ও ইনস্টাগ্রামে অংশগ্রহণকারীরা নিজেদের প্রাপ্ত ম্যাচের ছবি পোস্ট করে তাদের খুঁজে বের করার নতুন ট্রেন্ড শুরু করেছেন। জনপ্রিয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট Meet Cutes NYC এবং ম্যাচমেকিং প্লাটফর্ম Matchbox-এর যৌথ উদ্যোগে এই প্রজেক্টটি শুরু হয়।



