দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় ইমার্জিং সিরিজে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাত্র ৮৯ রানে অলআউট হয়ে হতাশাজনক সূচনা করলেও এরপর টানা দুই ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে শাহাদাত হোসেন দীপুর দল। সর্বশেষ ম্যাচে ইউনিভার্সিটি স্পোর্ট সাউথ আফ্রিকা (ইউএসএসএ)-কে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দুই জয়ে চার পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ। ফাইনালে তাদের প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।
প্রিটোরিয়ায় ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার হাবিবুর রহমান সোহানের উইকেট হারায় বাংলাদেশ। পরে অধিনায়ক শাহাদাত হোসেন দীপু, ইফতিখার হোসেন ইফতি এবং ইরফান শুক্কুরের দায়িত্বশীল ব্যাটিংয়ে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সফরকারীরা। তৃতীয় উইকেটে দীপু ও ইফতির ৬৫ রানের জুটির পর চতুর্থ উইকেটে দীপু ও শুক্কুর মাত্র ৭২ বলে অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। অধিনায়ক দীপু ৫৬ বলে ১২টি চার ও একটি ছক্কায় ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেন, আর ইরফান শুক্কুর ৩৯ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৫৮ রান করেন। ফলে মাত্র ২১.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। ব্যাট করতে নেমে একসময় ইউএসএসএর সংগ্রহ ছিল ১৯ ওভারে ১ উইকেটে ১২৬ রান। তবে সেখান থেকেই বাংলাদেশের বোলারদের দারুণ প্রত্যাবর্তনে মাত্র ৪০ রানের মধ্যে শেষ ৯ উইকেট হারিয়ে ৩৩.৫ ওভারে ১৬৬ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন ডেভিড টিগার। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। তিনি ৬.৫ ওভারে ২৮ রান দিয়ে ৪টি উইকেট শিকার করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।



