নারী এশিয়া কাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ঘোষিত সূচি অনুযায়ী, বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর, কারণ দুই দলই জায়গা পেয়েছে একই গ্রুপে। অন্যদিকে, বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৩১ আগস্ট, প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ক্রিকেট স্টেডিয়ামে।
আগামী ২৮ আগস্ট থাইল্যান্ড ও হংকংয়ের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। পরদিন স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। ৩০ আগস্ট ভারতের প্রতিপক্ষ থাইল্যান্ড। এরপর ৩১ আগস্ট বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার ম্যাচের মাধ্যমে শুরু হবে টাইগ্রেসদের এশিয়া কাপ অভিযান। ১ সেপ্টেম্বর পাকিস্তান খেলবে থাইল্যান্ডের বিপক্ষে, ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা, ৩ সেপ্টেম্বর ভারত খেলবে হংকংয়ের বিপক্ষে এবং ৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের প্রতিপক্ষ হবে ইন্দোনেশিয়া।
গ্রুপ পর্বের সবচেয়ে আলোচিত লড়াই ভারত-পাকিস্তান অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর। পরদিন ৬ সেপ্টেম্বর সাবেক চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ৭ সেপ্টেম্বর পাকিস্তান খেলবে হংকংয়ের বিপক্ষে এবং ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে বাংলাদেশ।
টুর্নামেন্টের দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১০ ও ১১ সেপ্টেম্বর, আর ১৩ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। এবারের আসরে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।



