কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি পোস্ট ও মন্তব্যের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের লেখা এবং এআই-নির্ভর কনটেন্ট আলাদা করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। বিশেষ করে নিম্নমানের, অপ্রয়োজনীয় ও স্বয়ংক্রিয়ভাবে তৈরি কনটেন্টের বিস্তার রোধে নতুন উদ্যোগ নিয়েছে পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এআই দিয়ে তৈরি বলে সন্দেহ হওয়া পোস্ট ও মন্তব্য সহজে শনাক্ত করে প্রতিবেদন করার সুবিধা দিতে ‘Seems Like AI Slop’ নামে একটি নতুন বাটন চালু করতে যাচ্ছে লিংকডইন। এই বাটনের মাধ্যমে ব্যবহারকারীরা নিম্নমানের বা এআই-নির্ভর বলে মনে হওয়া কনটেন্ট সম্পর্কে সরাসরি অভিযোগ জানাতে পারবেন।
সম্প্রতি প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান প্যাংগ্রাম-এর এক গবেষণায় দেখা গেছে, লিংকডইনে প্রকাশিত দীর্ঘ পোস্টের প্রায় ৪১ শতাংশই এআই ব্যবহার করে তৈরি। অর্থাৎ প্রতি ১০টি দীর্ঘ পোস্টের মধ্যে প্রায় চারটিই মানুষের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে লেখা হচ্ছে। এই গবেষণার ফলাফল প্রকাশের পরই নতুন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত জানায় লিংকডইন।
লিংকডইনের প্রধান পণ্য কর্মকর্তা হরি শ্রীনিবাসন বলেন, এআই-নির্ভর নিম্নমানের কনটেন্ট বর্তমানে প্ল্যাটফর্মটির অন্যতম বড় চ্যালেঞ্জ। ব্যবহারকারীদের প্রতিবেদন ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে এসব কনটেন্ট দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটির নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাকেও আরও উন্নত করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের পোস্ট ও মন্তব্য স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা সহজ হয়।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, প্রতিদিন হাজার হাজার স্বয়ংক্রিয় মন্তব্য এবং লাখ লাখ বট অ্যাকাউন্টের কার্যক্রম বন্ধ করা হচ্ছে। পাশাপাশি ব্যবহারকারীদের নিউজ ফিডে এআই-নির্ভর নিম্নমানের কনটেন্ট পৌঁছানোর আগেই সেগুলো শনাক্ত করে দৃশ্যমানতা কমানোর কাজও চলমান রয়েছে।
শুধু লিংকডইন নয়, এআই-নির্ভর নিম্নমানের কনটেন্ট নিয়ন্ত্রণে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। প্রকাশনা প্ল্যাটফর্ম সাবস্ট্যাক ইতোমধ্যে এআই দিয়ে লেখা নিবন্ধ শনাক্ত করার প্রযুক্তি চালু করেছে। অন্যদিকে প্রযুক্তি প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, বর্তমানে ইন্টারনেটে মানুষের তুলনায় স্বয়ংক্রিয় বটের কার্যক্রম আরও বেশি সক্রিয় হয়ে উঠছে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কাজকে সহজ ও গতিশীল করলেও এর অপব্যবহারও সমানভাবে বাড়ছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বাসযোগ্য, মানসম্মত ও মানবসৃষ্ট কনটেন্ট নিশ্চিত করতে আধুনিক নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি। লিংকডইনের নতুন উদ্যোগ সেই লক্ষ্য বাস্তবায়নের দিকেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।



