সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও আবারও শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়-এর ঢাকার কনসার্ট। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে কনসার্টটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস। আগামী ১ আগস্ট (শনিবার) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক এই কনসার্ট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হলেও বুধবার (২৯ জুলাই) আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
আয়োজকরা জানিয়েছেন, যেসব দর্শক ইতোমধ্যে কনসার্টের টিকিট কিনেছেন, তাদের প্রত্যেককে অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে। উল্লেখ্য, এর আগেও গত ২৬ জুন একই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে শেষ মুহূর্তে কনসার্টটি স্থগিত করা হয়েছিল। ফলে টানা দ্বিতীয়বারের মতো ঢাকায় অনুপম রায়ের নির্ধারিত কনসার্ট বাতিল হওয়ায় ভক্তদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।



