থালাপতি বিজয়ের অভিনয়জীবনের শেষ সিনেমা ‘জন নায়গন’ মুক্তির পর বক্স অফিসে ধীরে ধীরে দারুণ গতি ফিরে পেয়েছে। উদ্বোধনী দিনে প্রত্যাশিত ১০০ কোটি রুপি আয় করতে না পারলেও সপ্তাহান্তে দর্শকদের ব্যাপক সাড়ায় মাত্র চার দিনেই বিশ্বব্যাপী ২০০ কোটির রুপির গণ্ডি অতিক্রম করেছে ছবিটি। রোববার (২৬ জুলাই) পর্যন্ত সিনেমাটির বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ২১৭ কোটি রুপি, যা চলতি বছরের অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) মুক্তির দিন তামিলনাড়ুতে সিনেমাটির অধিকাংশ প্রদর্শনী ছিল হাউসফুল। যদিও রাজ্যের বাইরে ব্যবসা তুলনামূলক ধীরগতির ছিল। প্রথম দিনে বিশ্বব্যাপী ছবিটি আয় করে ৭৮ কোটি রুপি। ফলে সর্বকালের সেরা পাঁচ উদ্বোধনী তামিল সিনেমার তালিকায় জায়গা করে নিতে পারেনি এটি, যা বিজয়ের বিদায়ী সিনেমা হিসেবে অনেক ভক্তের কাছে কিছুটা হতাশার কারণ হয়েছিল।
তবে শুক্রবার আয় কিছুটা কমলেও শনিবার ও রোববার বক্স অফিসে নতুন গতি পায় ‘জন নায়গন’। শনিবার ভারতে ছবিটির নেট আয় ছিল ২৮.৯০ কোটি রুপি, আর রোববার আয় করে ৩২ কোটি রুপি। চার দিনের বর্ধিত উদ্বোধনী সপ্তাহান্ত শেষে ভারতে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১২৪ কোটি রুপি, আর গ্রস আয় হয়েছে ১৪৬ কোটি রুপি।
বিদেশের বাজারেও দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। বিশেষ করে যুক্তরাষ্ট্রে প্রিমিয়ার শো থেকেই ২০ লাখ মার্কিন ডলারের বেশি আয় করেছে ছবিটি। অন্যান্য আন্তর্জাতিক বাজার মিলিয়ে প্রথম দিনেই আয় হয় আরও ১০ লাখ মার্কিন ডলারের বেশি। রোববার পর্যন্ত বিদেশি বাজার থেকে সিনেমাটির মোট আয় ৭৫ লাখ মার্কিন ডলার ছাড়িয়েছে। সব মিলিয়ে ২১৭ কোটি রুপির বৈশ্বিক আয় নিয়ে চলতি বছরে সূরিয়ার ‘করুপ্পু’-এর পর ২০০ কোটির ক্লাবে জায়গা করে নেওয়া দ্বিতীয় তামিল চলচ্চিত্রে পরিণত হয়েছে ‘জন নায়গন’।
এইচ. ভিনোথ পরিচালিত ‘জন নায়গন’ রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার আগে অভিনেতা হিসেবে থালাপতি বিজয়ের শেষ সিনেমা। শুরুতে জানুয়ারিতে মুক্তির পরিকল্পনা থাকলেও সেন্সর বোর্ডের ছাড়পত্র জটিলতায় মুক্তি পিছিয়ে যায়। পরে বিজয়ের রাজনৈতিক দল টিভিকে (TVK) তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জয়ী হলে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। সিনেমাটিতে বিজয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ এবং নারাইন।



