ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র আবারও আলোচনায় উঠে এসেছেন। তবে এবার মাঠের পারফরম্যান্স নয়, বরং তার পরিবর্তিত চেহারা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে ভিনিসিয়ুসের মুখাবয়বে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গেছে, যা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
ক্রীড়া সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুস ‘চিন হারমোনাইজেশন’ নামে পরিচিত একটি কসমেটিক চিকিৎসা গ্রহণ করেছেন। সাধারণত চিবুক ও চোয়ালের গঠন আরও সুস্পষ্ট ও ভারসাম্যপূর্ণ করতে এই ধরনের চিকিৎসা করা হয়। জানা গেছে, বিশ্বকাপ শেষে ব্রাজিলের গোইয়ানিয়া শহরে গিয়ে তিনি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন। আধুনিক এই চিকিৎসায় শুধু চিবুক নয়, নাক, ঠোঁট ও চোয়ালের সামগ্রিক সামঞ্জস্য বিবেচনায় নিয়ে মুখমণ্ডলের সৌন্দর্য উন্নত করা হয়।
এদিকে নতুন চেহারার ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদিও ভিনিসিয়ুস জুনিয়র কিংবা তার প্রতিনিধিদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।
বিশ্বকাপ অধ্যায় শেষ করে এখন ক্লাব ফুটবলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলিয়ান এই তারকা। শিগগিরই তিনি রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন। নতুন মৌসুমে তার পারফরম্যান্সের পাশাপাশি নতুন লুকও যে সমর্থকদের বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে, তা বলাই যায়।



