নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে লর্ডসে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৭ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন সুবহানা মোস্তারি, আর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২০ বলে ৩২ রানের দ্রুত ইনিংস খেলেন। শেষদিকে তাঁর ব্যাটিংয়েই লড়াইয়ের মতো পুঁজি পায় বাংলাদেশ।
জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংসের প্রথম বলেই লরা উলভার্টকে বোল্ড করে দারুণ শুরু এনে দেন মারুফা আক্তার। তবে তাজমিন ব্রিটস (২৪ বলে ২০) ও আনেরিন ড্রেকসন (৪৫ বলে ৪৫) উইকেটে থিতু হলেও গতি বাড়াতে পারেননি। শেষ দিকে নাদান ডে ক্লার্ক (১৪ বলে ১৫) ও চার্লি ট্রায়ন (৫ বলে ৮) ঠাণ্ডা মাথায় খেলে জয়ের বন্দরে পৌঁছে দেন দলকে।
জয়ের জন্য শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ৫ রান। অধিনায়ক জ্যোতি ভরসা রাখেন মারুফা আক্তারের ওপর, কিন্তু প্রথম বলেই বাউন্ডারি হজম করেন তিনি। পরের বলেই এক রান নিয়ে জয় নিশ্চিত করেন ট্রায়ন। ফলে লড়াই করেও আবারও হারের মুখ দেখতে হয় বাংলাদেশকে।
বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ২৪ রানে ২ উইকেট নেন। এছাড়া রিতু মণি, মারুফা ও সানজিদা আক্তার মেঘলা একটি করে উইকেট শিকার করেন।
এর আগে বাংলাদেশের ব্যাটিং শুরুটা মোটেও ভালো হয়নি। মারিজায়ানা কাপের করা প্রথম বলেই বোল্ড হন জুয়াইরিয়া ফেরদৌস। আরেক ওপেনার তাজনেহারও মাত্র ১ রান করেন। এরপর সুবহানা মোস্তারি ও শারমিন আক্তার (২২ রান) দলকে টেনে তুললেও ধীরগতির ব্যাটিংয়ে চাপ বাড়ে। মোস্তারি ৪৮ বলে ৪২ রান করেন, যা লড়াইয়ের ভিত গড়ে দিলেও শেষ পর্যন্ত জয়ের জন্য যথেষ্ট ছিল না।



