অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। তার প্রথম গোলের অ্যাসিস্টটি এসেছে ফাকুন্দো মেদিনার কাছ থেকে। ম্যাচ শেষে মেসি সেই অ্যাসিস্টকে বার্সেলোনায় জর্ডি আলবার কিংবদন্তি কাটব্যাকগুলোর সঙ্গে তুলনা করেন। তবে অধিনায়কের এমন প্রশংসায় বিনয়ী সুরে সাড়া দিয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার মেদিনা।
জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে মেদিনা বলেন, ‘মেসি একটু বাড়িয়েই বলেছেন। পাসটা দেখে বার্সেলোনার সোনালী দিনগুলোর কথা মনে পড়লেও আমি কেবল মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’
টানা দুই জয়ে ‘গ্রুপ জে’ থেকে শীর্ষস্থান নিশ্চিত করে নকআউট পর্বে পা রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেদিনা জানান, সামনে আরও ছয়টি ফাইনাল বাকি। তিনি বলেন, ‘আমরা আমাদের সবকিছু ঢেলে দেব। কোচ যে পজিশনেই খেলাক না কেন, আমরা মাঠে জানপ্রাণ লড়ে যাব। আমাদের অধিনায়কের বিদায় যেন সবচেয়ে সুন্দর ও মর্যাদাপূর্ণ হয়। মেসির জন্য আমরা মাঠে জীবন দিতেও প্রস্তুত।’



