যুক্তরাষ্ট্র ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত হওয়ায় গভীর সন্তোষ ও স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই স্বাগত জানানো হয়। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই সংলাপ ও কূটনীতির মাধ্যমে আন্তর্জাতিক উত্তেজনা প্রশমন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান জানিয়ে আসছে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে একটি ইতিবাচক ও দৃষ্টান্তমূলক অগ্রগতি হিসেবে মূল্যায়ন করেছে বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঐতিহাসিক চুক্তি সম্পাদনে সংশ্লিষ্ট সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের আন্তরিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করছে বাংলাদেশ। একই সঙ্গে চুক্তিটি যথাযথভাবে ও আন্তরিকতার সঙ্গে বাস্তবায়িত হবে এবং তা দীর্ঘমেয়াদি ও টেকসই হবে বলে আশা প্রকাশ করে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা কেবল আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্যও অপরিহার্য বলে মনে করে বাংলাদেশ। সর্বশেষ এই অগ্রগতির ভিত্তিতে বাকি ইস্যুগুলোও সংলাপ ও কূটনীতির মাধ্যমেই সমাধানের জন্য সব পক্ষকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।



