বাংলাদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রতি বছর ৮ হাজার কোটি টাকার বেশি আয় করে মেটা—এমন দাবি করেছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা। শনিবার (১৬ মে) রাজধানীর এক হোটেলে ‘টেলিকম খাতে নতুন সরকারের ভিশন’ শীর্ষক সেমিনারে এই তথ্য তুলে ধরা হয়। সেমিনারে বলা হয়, দেশে প্রায় ৭ কোটি ৩০ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করেন। প্রতি ব্যবহারকারীর কাছ থেকে গড়ে ১৫ ডলার আয় করে মেটা, যা বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানটির মোট আয় প্রায় ৭০ কোটি ডলার (৮ হাজার কোটি টাকার বেশি)। তবে দেশের অর্থনীতিতে প্রতিষ্ঠানটির দৃশ্যমান অবদান নেই বলে মন্তব্য করেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফকির মাহবুব আনাম। তিনি বলেন, সরকার ৫জি ও এআই প্রযুক্তি গ্রামীণ পর্যায়ে পৌঁছে দিতে কাজ করছে এবং আগামী পাঁচ বছরে এ খাতে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে। সেমিনারটি আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)।



