অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচ ডিজিটাল মাধ্যমে দেখার সুযোগ নিশ্চিত করেছে বাংলালিংক। প্রতিষ্ঠানটির ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’র মাধ্যমে দর্শকরা সরাসরি ম্যাচ উপভোগ করতে পারবেন। বাংলালিংকের করপোরেট ও নিয়ন্ত্রক বিষয়ক প্রধান কর্মকর্তা তাইমুর রহমান জানান, বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব অর্জনের মাধ্যমে দেশের কোটি ফুটবল অনুরাগীর জন্য আন্তর্জাতিক মানের স্ট্রিমিং সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। বাংলালিংক গ্রাহকরা নির্দিষ্ট ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করে টফি প্ল্যাটফর্মে বিশ্বকাপের ম্যাড়গুলো দেখতে পারবেন। তবে টেলিভিশন চ্যানেলে সম্প্রচারের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ২০২৬ সালের বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন, চলবে ১৯ জুলাই পর্যন্ত। যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এবারই প্রথম ৪৮টি দল অংশ নিচ্ছে, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।



