স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের জন্য বাংলাদেশকে আরও তিন বছর অতিরিক্ত সময় দেওয়ার সুপারিশ করেছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। এই সুপারিশ অনুযায়ী, বাংলাদেশের উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হতে পারে। মঙ্গলবার (২ জুন) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সময় বাড়ানোর আবেদন করে এবং ৬ এপ্রিল প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি পাঠান। সিডিপির মূল্যায়নে বলা হয়েছে, উত্তরণের তিনটি সূচকের প্রতিটিতেই বাংলাদেশ প্রয়োজনীয় মানদণ্ডের চেয়ে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে। তবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, জ্বালানি বাজারের অস্থিরতা, সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তা ও আন্তর্জাতিক বাণিজ্য পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ বিবেচনায় নিয়েই এই অতিরিক্ত সময়ের সুপারিশ করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের মূলত ২০২৬ সালের নভেম্বরে এলডিসি থেকে আনুষ্ঠানিকভাবে উত্তরণের কথা ছিল।



