আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন প্রক্রিয়াসহ দেশটির ক্রিকেট প্রশাসনের বর্তমান পরিস্থিতি সরেজমিনে দেখতে দুই প্রতিনিধি পাঠাচ্ছে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) ড. মোহাম্মদ মুসাজি ও জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান টাভেঙ্গা মুকুহলানি আইসিসি বোর্ডের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সফর করবেন। তারা সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে আইসিসি বোর্ডকে অবহিত করবেন। আইসিসির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হলেও তাদের সফরের তারিখ এখনো জানায়নি সংস্থাটি।
গতকাল রোববার বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আইসিসির প্রতিনিধিদল আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশ সফর করতে পারে। বিসিবির নির্বাচন দেখতে আইসিসির প্রতিনিধি আসার ঘটনা বিরল। সূত্র জানিয়েছে, আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন সাবেক পরিচালনা পর্ষদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই প্রতিনিধিদল পাঠানো হচ্ছে। আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মুসাজি ও মুকুহলানি এই সফরে আসছেন। এ ছাড়া বিসিবির সঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক টানাপোড়েন খতিয়ে দেখতেও আইসিসি প্রতিনিধি পাঠিয়েছে। সংস্থার ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা ও বিসিসিআইয়ের প্রতিনিধি দেবজিৎ সাইকিয়া ইতিমধ্যে শ্রীলঙ্কা সফর করে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন।
আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় নারী ক্রিকেট, সহযোগী সদস্য দেশ, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও সদস্যপদসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পাশাপাশি বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।



