অভিনেত্রী আজমেরী হক বাঁধন আবারও ব্যক্তিগত জীবন নিয়ে অকপট মন্তব্য করেছেন। ঈদুল আজহা উপলক্ষে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, বিয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজে পাচ্ছেন না। গত বছর বিয়ের পরিকল্পনা থাকলেও পছন্দমতো মানুষ পাননি তিনি। বাঁধন বলেন, ‘আমার পছন্দমতো মানুষ পেতে হবে। বিয়ে করার মতো একজনকে পেয়েও ছিলাম, যার মা আমাকে খুব পছন্দ করেছিল, কিন্তু সে আসলে ভেগে গেছে।’ বর্তমানে নিজের আশপাশে বিয়ের মতো কাউকে না পাওয়ার কথাও জানান এই অভিনেত্রী।
প্রেমের সম্পর্কের অভিজ্ঞতা যে তার জীবনে ছিল, সেটিও অকপটে স্বীকার করেছেন বাঁধন। তিনি বলেন, ‘প্রেম করার জন্য দুই একজনকে পেয়েছিলাম। তার মধ্যে একজনের সঙ্গে প্রেমও করেছি। কিন্তু বিয়ে করার জন্য পাত্রই আসলে গুরুত্বপূর্ণ।’ ইতোমধ্যে দুইবার বিবাহবিচ্ছেদের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বাঁধন আরও বলেন, ‘বিয়ে তো আমি দুইবার করে ফেলেছি। এখন আর নিশ্চয়ই সেই ভুলটা করা যাবে না।’
আলাপচারিতায় ঈদকে ঘিরে শৈশবের স্মৃতিও তুলে ধরেন বাঁধন। তিনি জানান, ছোটবেলায় কোরবানির ঈদ মানেই ছিল পরিবারের সদস্যদের সঙ্গে মুন্সীগঞ্জের শ্রীনগরের গ্রামের বাড়িতে আনন্দমুখর সময় কাটানো। সেই স্মৃতি আজও তার মনে জ্বলজ্বল করে।



