আলোচিত চিত্রনায়ক জায়েদ খান দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনে বড় চমক নিয়ে হাজির হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানির সঙ্গে একই পর্দায় অভিনয় করেছেন। জন কবির ও সাদ আল আমীন পরিচালিত শর্টফিল্ম ‘ইমিগ্রেন্ট ডায়েরিস এপিসোড ২’-এ দেখা যাবে তাদের। প্রবাসীদের জীবনসংগ্রাম নিয়ে নির্মিত এই শর্টফিল্মটি আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় ‘ঠিকানা’ প্ল্যাটফর্মে মুক্তি পাবে। এর আগে গত মার্চে প্রথম পর্বটি দর্শকদের ব্যাপক সাড়া ফেলেছিল। বিশ্ববরেণ্য এই ক্ষমতাধর ব্যক্তিত্বের সঙ্গে অভিনয় প্রসঙ্গে জায়েদ খান বলেন, “জোহরান মামদানি সরাসরি আমার সঙ্গে এই শর্টফিল্মে অভিনয় করেছেন। তার সঙ্গে কাজ করতে পারা শুধু আমার একার নয়, বরং লাল-সবুজের বাংলাদেশের পতাকার জন্যই এক বিশাল গর্বের বিষয়।” মেয়রকে কীভাবে এই প্রজেক্টে যুক্ত করা হলো তার গল্পও শোনান জায়েদ। তিনি জানান, ‘ঠিকানা’র রুহিন হোসেন ও তার স্ত্রী আনুভা শাহীন হোসেনের মাধ্যমেই এই অসাধ্য সাধন হয়েছে। তারা মেয়রের দপ্তরে ইমেইল করে প্রজেক্টের বিস্তারিত জানান, এবং কিছুদিন অপেক্ষার পর শুটিংয়ের শিডিউল পাওয়া যায়। শুটিং সেটে মেয়রের মাটির মানুষ রূপে মুগ্ধ জায়েদ খান বলেন, “তিনি পৃথিবীর একজন সেলিব্রেটি মেয়র ও অত্যন্ত ক্ষমতাধর। কিন্তু শুটিং সেটে কোনো অহংকার দেখাননি; বরং একজন সাধারণ অভিনেতার মতো বারবার পরিচালকের নির্দেশ মেনে নিখুঁত শট দেওয়ার চেষ্টা করেছেন।”



