ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ফিলিং স্টেশনকে ২৪ ঘণ্টা খোলা রাখার বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার। ঈদযাত্রায় যান চলাচলে সুবিধার্থে টানা ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার এই সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ।
সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়। চিঠিতে আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার কথা বলা হয়েছে। অর্থাৎ ঈদুল আজহার পূর্বে সাত দিন এবং পরে পাঁচ দিন দেশের সব ফিলিং স্টেশন সার্বক্ষণিক চালু থাকবে।
উল্লেখ্য, আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সরকারি-আধাসরকারি সব অফিস বন্ধ থাকবে। এ ছাড়া ঈদ উপলক্ষে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানাগুলোতে।



