বাংলাদেশ সময় মধ্যরাতে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই দলে নেইমার শেষ পর্যন্ত টিকতে পারেন কি না, তা জানার আগ্রহ এখন তুঙ্গে। তবে ব্রাজিলের ফুটবল সমর্থকদের একটি বড় অংশই সেলেকাওদের অন্যতম সেরা এই তারকাকে দলে দেখতে চান না।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘জি ই’ পরিচালিত এক অনলাইন জরিপে দেখা গেছে, খুব অল্প ব্যবধানে এগিয়ে আছে ‘না’ ভোট। মোট ১ লাখ ৩২ হাজার ৭২৩টি ভোটের মধ্যে নেইমারকে বিশ্বকাপ দলে না রাখার পক্ষে ভোট দিয়েছেন ৫০ দশমিক ৭৯ শতাংশ সমর্থক, যার সংখ্যা ৬৭ হাজার ৪০৬। অন্যদিকে, তাকে দলে দেখতে চান ৪৯ দশমিক ২১ শতাংশ, অর্থাৎ ৬৫ হাজার ৩১৭ জন।
প্রসঙ্গত, ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ৫৫ সদস্যের প্রাথমিক দলে নেইমার আছেন। গত সপ্তাহে এই তালিকা পাঠানো হয়েছে ফিফার কাছে। আজ সোমবার চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করবেন ইতালিয়ান এই কোচ। দলে জায়গা পাওয়া নিয়ে নেইমারের ভাগ্য নির্ধারণ হবে তখনই।



