দীর্ঘ বিরতির পর অবশেষে সুখবর দিয়েছে ভারত। জানা গেছে, আগামী ৬ মে থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম স্বাভাবিক হতে পারে। ভারতের এক প্রশাসনিক কর্তা শনিবার (২ এপ্রিল) নাম প্রকাশ না করার শর্তে জানান, সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই পর্যটক ভিসা চালু হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর। কর্মকর্তাটি আরও জানান, ভারত-বাংলাদেশ সম্পর্ক সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তত্ত্বাবধানে এবং এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে। কংগ্রেস সাংসদ শশী থারুর নেতৃত্বাধীন ওই কমিটি দ্রুত সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে মত দিয়েছে। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের প্রতিবেদনের ওপরও সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করছে। সম্ভাবনার এই খবরে কলকাতার পার্ক স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিট এলাকার ব্যবসায়ীরা আশাবাদী হয়ে উঠেছেন। তাঁদের ধারণা, বাংলাদেশি পর্যটক ফিরে এলে আবারও চাঙ্গা হবে ব্যবসা। এর আগে ৭ এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারত সফর করে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে আলোচনা করেন।



