ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (USF) অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শিক্ষার্থীরা হলেন— জামিল আহমেদ লিমন (২৭) এবং নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)।
স্থানীয় সময় গত ১৬ এপ্রিল, ২০২৬ থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। জানা গেছে, জামিল লিমন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে পিএইচডি করছিলেন এবং তাকে শেষবার দেখা গিয়েছিল তার বাসভবন ‘অ্যাভালন হাইটস’-এ সকাল ৯টার দিকে। অন্যদিকে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী নাহিদা বৃষ্টিকে সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের এনইএস (NES) বিল্ডিংয়ে শেষ দেখা যায়।
নিখোঁজ হওয়ার সাত দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের কোনো কূলকিনারা করতে পারেনি স্থানীয় পুলিশ। হিলসবরো কাউন্টি শেরিফ অফিস এবং ইউএসএফ পুলিশ
যৌথভাবে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। তাদের ছবি ও তথ্য ফ্লোরিডা রাজ্য এবং কেন্দ্রীয় নিখোঁজ ডাটাবেজে (Missing Persons Database) অন্তর্ভুক্ত করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা ল্যারি ম্যাককিনন জানিয়েছেন, “তাদের এভাবে উধাও হওয়াটা স্বাভাবিক আচরণ নয়। আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করছি।” প্রাথমিকভাবে আইসিই (ICE) বা অভিবাসন কর্তৃপক্ষের হেফাজতে থাকার কোনো প্রমাণ মেলেনি।
লিমনের ছোট ভাই জুবায়ের আহমেদ জানান, লিমন ও বৃষ্টির মধ্যে সাড়ে চার বছরের দীর্ঘ সম্পর্ক ছিল এবং তারা শীঘ্রই বিয়ের পরিকল্পনা করছিলেন। লিমনের থিসিস জমা দেওয়ার সময় ঘনিয়ে আসায় তার নিখোঁজ হওয়ার বিষয়টি পরিবার ও বন্ধুদের কাছে অত্যন্ত অস্বাভাবিক মনে হচ্ছে। বর্তমানে লিমনের পরিবার এবং ফ্লোরিডায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।



