মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে দেশের সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে সরকার। আজ রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব সরকারি-বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। স্বাভাবিক সময়ে অফিস বিকেল ৫টা পর্যন্ত চললেও বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কর্মঘণ্টা এক ঘণ্টা কমানো হয়েছে। শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি বহাল থাকবে। জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, হাসপাতাল ও গণমাধ্যম এই সময়সূচির আওতামুক্ত থাকবে।
ব্যাংকিং খাতের সময়সূচিতেও পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। রোববার থেকে ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। তবে দাপ্তরিক কাজ সম্পন্নে কর্মকর্তাদের বিকেল ৫টা পর্যন্ত অফিসে থাকতে হবে। সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথ ২৪ ঘণ্টা খোলা থাকবে। দেশের সব বিপণিবিতান, মার্কেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ে বিশেষ পরিকল্পনা নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সপ্তাহে তিন দিন অনলাইন ও তিন দিন সশরীরে ক্লাসের প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। তবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস চ্যালেঞ্জিং হতে পারে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছে। রমজান ও ঈদের ছুটির পর জ্বালানি সংকট মোকাবিলায় এই নতুন সময়সূচি দেশের অর্থনীতি ও সেবার ওপর চাপ কমাতে সহায়ক হবে বলে আশা করছে সরকার।



