সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, বাংলা নববর্ষ উদযাপনের শোভাযাত্রা এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে পরিচিত হবে। শনিবার (৪ এপ্রিল) মাগুরা জেলার মহম্মদপুরে আধুনিক মানের জেলা ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মঙ্গল শোভাযাত্রা এবং আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনো পার্থক্য নেই। তবে ভবিষ্যতে নববর্ষ উদযাপনের জন্য ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, বাংলা নববর্ষ দীর্ঘদিন ধরে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য, এটি কোনো দলের নয়। কৃষক থেকে সাধারণ মানুষ সকলেই এর আনন্দ উপভোগ করে।
অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক আলিয়া আহমেদ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ ও পুলিশ সুপার মোল্লা আজাদ।



