সবশেষ কবে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল? ২৪ বছর আগে, ২০০২ সালের আসরে। নতুন শতাব্দীর প্রথম চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি নানান কারণে সে আসর স্মরণীয় হয়ে আছে সেলেসাওদের জন্য। এরপর সময় গড়ালেও সোনালি ট্রফিটি আর ছুঁয়ে দেখা হয়নি ব্রাজিলের। বিশ্বের বিভিন্ন লিগে দেশটির ফুটবলাররা দাপট দেখালেও হেক্সা মিশনে বারবার হোঁচট খেতে হচ্ছে তাদের। আগামী জুনে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। এবার কি পারবে হেক্সা মিশন পূরণ করতে? তা বলবে সময়। তবে বিশ্বকাপ শুরুর আগেই বোনাস ঘোষণা করে চমকে দিয়েছে ব্রাজিল।
যদি তারা শিরোপা জেতে, তাহলে খেলোয়াড়রা ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) কাছ থেকে ৫২ লাখ রিয়াল পাবে, বাংলাদেশি মুদ্রায় যা ১২ কোটি ৩০ লাখ টাকা। এই তথ্য এসেছে এস্তাদাও পত্রিকার সাংবাদিক মার্সেল রিজ্জোর কাছ থেকে। খেলোয়াড়রা যুক্তরাষ্ট্র সফরের আগেই সিবিএফ-এর সঙ্গে তাদের চুক্তি চূড়ান্ত করবে। এটাই প্রথম নয়, আগের আসরগুলোতেও প্রায় একই পরিমাণ আর্থিক পুরস্কারের চুক্তি হয়েছিল। ষষ্ঠ ট্রফিতে চোখ রেখে আগামী ১ জুন দেশ ছাড়বে জাতীয় দল।
গত বছরই কোচ আনচেলত্তির বোনাস নির্ধারণ করা হয়েছে। তিনি বিশ্বকাপ জিতলে পাবেন ৩ কোটি রিয়াল। আর সাধারণভাবে জাতীয় দলের কোচ হিসেবে প্রতি মাসে ৫০ লাখ রিয়াল পান এই ইতালিয়ান। ফিফার প্রাইজমানি অনুযায়ী ব্রাজিল বিশ্বকাপ জিতলে পাবে প্রায় ৫ কোটি রিয়াল। আগামী ১৩ জুন নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে সেলেসাওরা। পরের দুটি ম্যাচ হবে হাইতি ও স্কটল্যান্ডের সঙ্গে, যথাক্রমে ১৯ ও ২৪ জুন। ব্রাজিল তাদের পঞ্চম ও শেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে। এরপর বিশ্বকাপে তাদের সেরা সাফল্য ছিল ২০১৪ সালের সেমিফাইনাল, যেখানে জার্মানির কাছে সাত গোল খেয়েছিল তারা।



