বিগ ব্যাশের বর্ষসেরা বাংলাদেশি ক্রিকেটার হয়েছেন রিশাদ হোসেন। হোবার্ট হারিকেনসের হয়ে খেলা এই লেগ স্পিনার আসরে দলটির অন্যতম সেরা পারফর্মার ছিলেন। বিশেষ করে স্পিন বিভাগে হোবার্টকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লাল-সবুজের এই প্রতিনিধি। এমন অসাধারণ পারফরম্যান্সের পর রিশাদকে বিগ ব্যাশের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত করেছে ক্রিকেট তাসমানিয়া। ২০২৫-২৬ মৌসুমের পারফরম্যান্সের স্বীকৃতি দিতে বার্ষিক পুরস্কার বিতরণের আয়োজন করে ক্রিকেট তাসমানিয়া, যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে একটি ক্যাটাগরি হলো বর্ষসেরা বিগ ব্যাশ ক্রিকেটার, আর সেখানেই সেরার স্বীকৃতি পান রিশাদ। এই ক্যাটাগরিতে তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন হোবার্টের অলরাউন্ডার নিখিল চৌধুরী, ক্রিস জর্ডান ও দলনেতা নাথান এলিস।
বিগ ব্যাশের সর্বশেষ আসরে বল হাতে দারুণ ছন্দে ছিলেন রিশাদ। ৭.৮২ ইকোনোমিতে মোট ১৫ উইকেট শিকার করেন এই লেগি, আর প্রতি উইকেটের জন্য খরচ করেছেন মাত্র ২০.৮৬ রান। তাঁর সেরা বোলিং ফিগার ছিল ২৬ রানে ৩ উইকেট। রিশাদ দারুণ পারফর্ম করলেও কোয়ালিফায়ার থেকে বিদায় নিতে হয়েছিল হোবার্টকে। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলে তিন নম্বরে থেকে প্রথম পর্ব শেষ করে তারা। নকআউট ম্যাচে মেলবোর্ন স্টারসকে ৩ রানে হারিয়ে চ্যালেঞ্জার ম্যাচে ওঠে তারা, তবে ফাইনালে ওঠার লড়াইয়ে সিডনি সিক্সার্সের কাছে ৫৭ রানে হেরে বিদায় নেয় রিশাদের দল। বর্তমানে রিশাদ পাকিস্তান সুপার লিগে আলো ছড়াচ্ছেন।



