সাহস, দূরদর্শিতা ও নেতৃত্বের এক অনন্য উদযাপনে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড উইমেন’স সামিট-২০২৬। এই সম্মানজনক আয়োজনটি উৎসর্গ করা হয়েছে সেই সব অসাধারণ নারীদের, যাঁদের সাফল্য বিভিন্ন শিল্পখাতকে এগিয়ে নিচ্ছে, সমাজকে শক্তিশালী করছে এবং বিশ্বপরিসরে বাংলাদেশের মর্যাদা আরও উঁচুতে তুলে ধরছে।
২৬ বছর ধরে অর্থনীতি, নেতৃত্ব ও সামাজিক পরিবর্তনের ধারাবাহিক বার্তা পৌঁছে দেওয়া সাপ্তাহিক প্রকাশনা Arthakantha এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সাময়িকী Business America Magazine-এর যৌথ আয়োজনে, NRB World-এর সহযোগিতায় আজ ৩১ মার্চ (মঙ্গলবার), বিকাল ৩টা থেকে হোটেল শেরাটন ঢাকায় এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ছিলেন এই বিশেষ সম্মেলনের প্রধান অতিথি।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই বিশেষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘নারী জাগে, নারী জিতে-তার দীপ্তি ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে’।
এই সম্মেলনে দেশের ও প্রবাসের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা ২০ জন বিশিষ্ট নারীকে বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয়েছে।
তাঁদের নেতৃত্ব, উদ্ভাবন, সামাজিক দায়বদ্ধতা ও পেশাগত উৎকর্ষ আজকের বাংলাদেশকে বিশ্বমঞ্চে গর্বিত করছে।
বিশেষ ম্যাগাজিন উন্মোচন
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো বিশেষ সংখ্যা ‘100 Most Influential Bangladeshi Women Across the Globe’ এর জমকালো উন্মোচন। এই বিশেষ প্রকাশনায় দেশ-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রাখা প্রভাবশালী বাংলাদেশি নারীদের অনুপ্রেরণামূলক জীবনযাত্রা ও নেতৃত্বগাথা তুলে ধরা হয়েছে।



