যুক্তরাষ্ট্রে ১১টি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আয়োজন পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে যেখানে প্রাণবন্ত উপস্থিতি ছিল প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের।
যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের রোজভিল সিটির এথেনা ব্যানকুয়িট সেন্টারে অনুষ্ঠিত হয় এই জমকালো আয়োজন। গত শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত চলা এই ফেস্টিভ্যালে অংশ নেন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী সহ নতুন প্রজন্মের তরুণ-তরুণীরা।
মিশিগান বাংলাদেশি স্টুডেন্ট কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই ফেস্টিভ্যাল ছিল রাজ্যের অন্যতম বৃহৎ শিক্ষার্থীভিত্তিক সাংস্কৃতিক আয়োজন যেখানে এক মঞ্চে উঠে আসে দেশপ্রেম, সংস্কৃতি ও তারুণ্যের শক্তিশালী প্রকাশ।
শাহিমা রহমান, ফারহান তানভীর, মাইশা রহমান ও ফয়সাল মাহমুদের সঞ্চালনায় পুরো আয়োজন জুড়ে ছিল গান, নৃত্য, আবৃত্তি ও নাটিকাসহ বৈচিত্র্যময় পরিবেশনা।
এবং প্রতিটি পরিবেশনায় ফুটে ওঠে বাংলাদেশের ইতিহাস, ভাষা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতিচ্ছবি।
এই আয়োজনে অংশ নেয় ইউনিভার্সিটি অব মিশিগান-ডিয়ারবর্ন ও অ্যান আরবার, মিশিগান স্টেট, সেন্ট্রাল, ওয়েস্টার্ন, ইস্টার্ন, ওয়েইন স্টেট, ওকল্যান্ডসহ মোট ১১ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুধু শিক্ষার্থীরাই নয়, মিশিগানের সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষও অংশ নেন এই আয়োজনে যা একে পরিণত করে প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায়।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক রাজশ্রী চৌধুরী গৌরব জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, ভাষা ও সংস্কৃতি তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
যুক্তরাষ্ট্র মিশিগান থেকে,
কামরুজ্জামান হেলাল।



