চলতি বছরের জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি আম্পায়ার সাথিরা জাকির জেসি দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে এই আসরের জন্য মনোনীত করেছে। এর আগে তিনি ভারতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপেও আম্পায়ারিং করেছিলেন।
এই বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। গ্রুপ ‘বি’-তে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। আগামী ১২ জুন এজবাস্টনে ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে বিশ্বকাপের উদ্বোধন হবে। একই মাঠে ১৪ জুন নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। গ্রুপপর্ব শেষে ৩০ জুন ও ২ জুলাই দ্য ওভালে সেমিফাইনাল এবং ৫ জুলাই লর্ডসে ফাইনাল অনুষ্ঠিত হবে।

