আমেরিকার রকভিল শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত বিশেষ নাটক ‘বহ্নিশিখা- দ্যা ফ্লেম’। নাটকটিতে ১৭ ও ১৮ শতকের ভয়াবহ সতীদাহ প্রথার বিরুদ্ধে মানবিক ও সামাজিক আন্দোলনের গল্প তুলে ধরা হবে, যা দর্শকদের সামনে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে নতুনভাবে উপস্থাপন করবে।
নাটকটির মূল প্রেরণা সমাজ সংস্কারের সেই সময়কার আন্দোলন, যেখানে বহু সাহসী মানুষ অমানবিক এই প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। বিশেষভাবে তুলে ধরা হয়েছে প্রখ্যাত সমাজ সংস্কারক রাজারাম মোহন রায়ের ঐতিহাসিক ভূমিকা। সতীদাহ প্রথা বিলোপে তাঁর নিরলস সংগ্রাম উপমহাদেশের সমাজ সংস্কার আন্দোলনে এক মাইলফলক হিসেবে বিবেচিত হয়। নাটকের কাহিনিতে সেই প্রতিবাদ, মানবিকতা ও পরিবর্তনের চেতনা শক্তিশালীভাবে ফুটে উঠবে।
নাটকটির মঞ্চায়ন করছে প্রবাসভিত্তিক সাংস্কৃতিক সংগঠন ‘কালচার ক্রিয়েশন’। আয়োজকদের মতে, সমসাময়িক পোশাক, দৃষ্টিনন্দন মঞ্চসজ্জা, আলোকসজ্জা ও সংগীতের সমন্বয়ে নাটকটিকে দর্শকদের কাছে আরও প্রাণবন্ত করে তোলা হয়েছে। এর মাধ্যমে দর্শকরা শুধু একটি ঐতিহাসিক ঘটনার সঙ্গে পরিচিত হবেন না, বরং সমাজ সংস্কারের চেতনা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের গভীরতা অনুভব করতে পারবেন।
আয়োজকরা জানিয়েছেন, প্রবাসে বাংলা সংস্কৃতি ও ইতিহাসভিত্তিক নাট্যচর্চাকে আরও সমৃদ্ধ করতেই এ আয়োজন। নাটকটির মাধ্যমে নতুন প্রজন্মকে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে জানানো এবং থিয়েটারের মাধ্যমে গল্প বলার ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করাই তাদের মূল লক্ষ্য।
আগামী ৫ এপ্রিল বিকাল ৪টায় রকভিল,মেরিল্যান্ড-এ নাটকটি মঞ্চস্থ হবে। দর্শকদের এই নাটক উপভোগ করার পাশাপাশি সাংস্কৃতিক উদ্যোগকে সমর্থন জানানোর জন্য আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠানের তথ্য:
তারিখ: ৫ এপ্রিল
সময়: বিকাল ৪টা
স্থান: রকভিল, মেরিল্যান্ড
টিকিট: https://events.eventgroove.com/event/Bohnnisikha-The-Flame-120263



