মাসের শেষে হাতের সঞ্চয় ফুরিয়ে যাওয়া অনেকের কাছেই পরিচিত অভিজ্ঞতা। এ সময় পরিচিতজনেরা বন্ধু-পরিজনের কাছে টাকা ধার চান। কিন্তু নিজের সামর্থ্যের কথা না ভেবেই অনেকেই ‘না’ বলতে না পেরে ধার দিয়ে বসেন। যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সেবা সংস্থা Bankrate-এর ২০২৪ সালের জরিপে দেখা গেছে, প্রায় এক-চতুর্থাংশ মানুষ টাকা ফেরত পাবেন এই আশায় ধার দিয়েছেন, কিন্তু পরে তা আর পাননি; ফলে সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়েছে। তাই নিজের আর্থিক অবস্থার কথা ভেবে এ বিষয়ে সচেতন হওয়া জরুরি।
আর্থিক থেরাপি বিশেষজ্ঞ এজা ইভান্সের পরামর্শ অনুযায়ী, কেউ টাকা চাইলে প্রথমেই সিদ্ধান্ত নিন আপনি ধার দিতে পারবেন কি না। না পারলে সরাসরি জানিয়ে দিন যে আপনি সাহায্য করার অবস্থায় নেই। অন্যকে সাহায্য করতে গিয়ে নিজের আর্থিক অবস্থা ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়। কেউ টাকা চাইলে সরাসরি ‘না’ বলা কঠিন হলে ছোট থেকে শুরু করতে পারেন। যেমন, ৫ হাজার টাকা চাইলে নিজের সামর্থ্য অনুযায়ী ৫০০ বা ১০০০ টাকা দেওয়ার প্রস্তাব দিতে পারেন। নিজের বর্তমান আর্থিক অবস্থাও খোলাখুলি জানালে উভয়ের জন্যই বিষয়টি সহজ হয়।
কাউকে ‘না’ বলার পর অপরাধবোধ হওয়া স্বাভাবিক। তবে নিজের বাস্তবতা মনে রাখুন—ভবিষ্যতে আর্থিক সংকটে পড়লে সেই চাপ আপনাকেই নিতে হবে। নিজের আর্থিক লক্ষ্য লিখে রাখুন, যেমন সঞ্চয় বা বিনিয়োগের পরিকল্পনা। এতে কাউকে ‘না’ বলার পর অপরাধবোধ কমবে। নিজের ওপর নিয়ন্ত্রণ বাড়াতে পছন্দের কাজেও সময় দিন।
নিজের আর্থিক সীমা নির্ধারণ করা এবং তা মেনে চলা শুরুতে কঠিন মনে হলেও দীর্ঘমেয়াদে এর সুফল পাওয়া যায়। এতে আপনি যেমন নিজের আর্থিক লক্ষ্য পূরণ করতে পারবেন, তেমনি সম্পর্কও অপ্রয়োজনীয় চাপ থেকে রক্ষা পাবে।



