ক্রিস্টিয়ানো রোনালদোর পর লিওনেল মেসিও স্পর্শ করলেন ক্যারিয়ারের ৯০০ গোলের অনন্য মাইলফলক। ২০২৪ সালে ইউরো নেশনস লিগে পর্তুগালের হয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১ হাজার ২৩৮ ম্যাচে এই কীর্তি গড়েছিলেন রোনালদো। আর মেসি পৌঁছে গেলেন ১ হাজার ১৪২ ম্যাচেই, অর্থাৎ ৯৬টি ম্যাচ কম খেলে সমান উচ্চতায় আরেক মহাতারকা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে ন্যাশভিল এফসির বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচের ৭ মিনিটে নিজের legendary বাম পায়ের শটে বল জালে পাঠিয়ে ৯০০ গোল পূর্ণ করেন তিনি। তার পুরো ক্যারিয়ারের গোল বিভাজন এই রকম—আর্জেন্টিনার জার্সিতে ১১৫, বার্সেলোনায় ৬৭২, প্যারিস সেন্ট-জার্মেইতে ৩২ এবং ইন্টার মায়ামিতে বর্তমানে ৮১টি গোল।
তবে এই ঐতিহাসিক অর্জনের রাতটি স্মরণীয় করে রাখতে পারেনি ইন্টার মায়ামি। মেসির মাইলফলকের ম্যাচেই কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের। প্রথম লেগ ন্যাশভিলের মাঠে গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয় লেগে মায়ামির মাঠেও ম্যাচ ১-১ গোলে ড্র হয়। কিন্তু প্রতিপক্ষের মাঠে গোল করার সুবাদে পরের ধাপে পৌঁছে যায় ন্যাশভিল। মেসির গোলটি দলকে এগিয়ে নিলেও শেষ হাসি হাসেনি মায়ামি।
এদিকে এই মাইলফলক স্পর্শ করলেও সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখনও এগিয়ে আছেন রোনালদো। বর্তমানে ৪১ বছর বয়সী এই তারকা সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে ৯৬৫ গোল করে শীর্ষে অবস্থান করছেন। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে ৭৬২ গোল নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।



