দেশে প্রথমবারের মতো চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। বাংলাদেশ রেলওয়ের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) থেকে তিনটি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। ট্রেনগুলো হলো পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস। যাত্রীরা ট্রেনের ভেতরে কিউআর কোড স্ক্যান করে সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদের নির্দেশনায় এ কার্যক্রম শুরু হয়।
পরীক্ষামূলক কার্যক্রম পরিদর্শন করে তিনি জানান, দেশের ডিজিটাল কানেক্টিভিটি বাড়াতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে, যার অংশ হিসেবে চলন্ত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালু করা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে ধাপে ধাপে অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেনেও এই ইন্টারনেট সেবা চালু করা হবে। এতে যাত্রীরা ভ্রমণের সময় অনলাইন ক্লাস, অফিসের কাজ বা অন্যান্য অনলাইন কার্যক্রম সহজেই করতে পারবেন।



