বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে বড় জয় পেয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। তবে ম্যাচের ফলাফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে একটি বিতর্কিত রান আউটের ঘটনা। এই ঘটনাকে ঘিরে ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, যেখানে বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররাও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
ম্যাচের মাঝামাঝি সময়ে অদ্ভুত এক পরিস্থিতিতে রান আউট হন পাকিস্তানের ব্যাটার সালমান আলী আগা। তাকে রান আউট করেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নন-স্ট্রাইক প্রান্তে থাকা আগা ক্রিজ থেকে বেরিয়ে বলটি তুলে বোলারকে ফেরত দিতে চেয়েছিলেন। ওই সময় স্ট্রাইকে ছিলেন মোহাম্মদ রিজওয়ান, যিনি মিরাজের বলে রক্ষণাত্মক শট খেলেছিলেন এবং বলটি খুব বেশি দূরে যায়নি। কিন্তু আগা বলটি হাতে নেওয়ার আগেই মিরাজ দ্রুত বল তুলে আন্ডারআর্ম থ্রো করে স্টাম্প ভেঙে দেন এবং আউটের আবেদন করেন। পরে তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত দিয়ে আগাকে আউট ঘোষণা করেন।
এই রান আউটের ঘটনায় কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “মেহেদী হাসান, আপনি জাতীয় দলের অধিনায়ক; কিন্তু আপনার আচরণটা ছিল গলির ক্রিকেট বয়ের মতো। একজন অধিনায়ক হিসেবে আপনার আরও বেশি খেলোয়াড়সুলভ মনোভাব দেখানো উচিত ছিল।”
এদিকে ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা–ও বিষয়টি নিয়ে কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেন, “অ্যাঞ্জেলো ম্যাথিউস–এর টাইমআউটের ঘটনার পর এবার সালমান আগার এই রান আউট—সব মিলিয়ে মনে হচ্ছে বাংলাদেশকে বিশ্বাস করা যেন অপরাধ। বাংলাদেশের বিপক্ষে খেলতে হলে প্রতিপক্ষ দলগুলোকে বাড়তি সতর্ক থাকতে হবে।”
আলোচিত এই ম্যাচে অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন মাজ সাদাকাত। ব্যাট হাতে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলার পাশাপাশি বল হাতেও তিনটি উইকেট শিকার করে ম্যাচসেরা হন তিনি। তার পারফরম্যান্সে ভর করে ১২৮ রানের বড় ব্যবধানে জয় পেয়ে সিরিজে ১–১ সমতা আনে পাকিস্তান। তিন ম্যাচের একদিনের সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম–এ আগামী ১৫ মার্চ।



