মহান স্বাধীনতা ও জাতীয় দিবস–২০২৬ উদ্যাপন উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য জাতীয় স্মৃতিসৌধ এলাকায় তিন দিনের জন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধের অভ্যন্তরে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) প্রকাশিত এক তথ্য বিবরণীতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতির অংশ হিসেবে স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে এই সময়ের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ রাখা হবে।
এছাড়া ২৬ মার্চ ভোরে আমন্ত্রিত অতিথিরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণ পুনরায় সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলের সহযোগিতা কামনা করেছে।



