চলতি বছরের জুলাই-আগস্টে শুরু হচ্ছে ইংল্যান্ডের একশ বলের জনপ্রিয় টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের নতুন মৌসুম। বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান বর্তমানে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজে ব্যস্ত থাকলেও তার মন দ্য হান্ড্রেডে খেলতে অধীর আগ্রহে ব্যস্ত।
বৃহস্পতিবার নিলামে প্রথম বাংলাদেশি হিসেবে এই টুর্নামেন্টে দল পেয়েছেন মোস্তাফিজ। বার্মিংহাম ফিনিক্স তাকে ১ লাখ পাউন্ডে নিয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা। দল পাওয়ার পর মোস্তাফিজ তার অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। বার্মিংহাম ফিনিক্সের হয়ে দারুণ একটি টুর্নামেন্টের অপেক্ষায় আছি। সবার ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’
এবারের দ্য হান্ড্রেডের নিলামে চূড়ান্ত তালিকায় নাম ছিল দুই বাংলাদেশির। নিলাম থেকে মোস্তাফিজ দল পেলে, রিশাদ হোসেনকে কোনো দল কিনতে আগ্রহ দেখায়নি। এর আগে, গত বছরের ১৬ ডিসেম্বর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে নিয়েছিল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ২৬ লাখ টাকা। তবে রেকর্ড দামে কেনার পরও ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাকে দল থেকে বাদ দিতে হয়।



