আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার (১৮ মার্চ) পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই ঝড়বৃষ্টির পরিমাণ বেশি হবে না এবং দীর্ঘ সময়ও স্থায়ী হবে না। দেশের সব এলাকায় নয়, শুধুমাত্র কিছু কিছু স্থানে তা ঘটতে পারে।
এই সময়ে সাময়িক ঝড়বৃষ্টি সাধারণত প্রাক্-মৌসুমি বায়ুর কারণে হয়। আবহাওয়াবিদরা বলছেন, হঠাৎ কোনো এলাকায় মেঘ সৃষ্টি হলে সেই স্থানেই বিদ্যুৎ-চমকানোসহ ঝড়বৃষ্টি হয়, যা দীর্ঘস্থায়ী হয় না। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, ইতোমধ্যেই দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী শুরু হয়েছে এবং বুধবার পর্যন্ত বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে, ৮৩ মিলিমিটার। এর পাশাপাশি নেত্রকোনা ৪৭, মৌলভীবাজার ৩৬, দিনাজপুর ১৮, বগুড়া ও নওগাঁ ১২, পঞ্চগড় ১১, ফেনী ৯ এবং রংপুরে ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে; সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, ঈদের আগে এই ঝড়বৃষ্টি মানুষের কেনাকাটা এবং ঈদ যাত্রায় বিঘ্ন ঘটাতে পারে। এছাড়া খোলা মাঠে ঈদের জামাত আয়োজনেও সমস্যা দেখা দিতে পারে।



