বিগ ব্যাশ লিগে নিজের প্রথম উইকেটের স্বাদ পেলেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। ম্যাচের শুরুতেই মাত্র সাত বলের ব্যবধানে তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। তবে ব্যক্তিগত এই সাফল্য দলকে জেতাতে পারেনি। মেলবোর্ন স্টারসের বিপক্ষে ৮ উইকেটে হেরে মাঠ ছাড়তে হয় রিশাদের দল হোবার্ট হারিকেনসকে।
এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে সিডনি থান্ডারের বিপক্ষে হোবার্টের জয়ে অবদান রাখলেও উইকেটের দেখা পাননি রিশাদ। সেই ম্যাচে তিন ওভারে মাত্র ১৮ রান দিয়েছিলেন তিনি। তবে মেলবোর্ন স্টারসের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচেই উইকেটের খাতা খুলে ফেলেন এই তরুণ স্পিনার। তিন ওভার বোলিং করে ৩৩ রান খরচায় নেন ২ উইকেট।
ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে প্রথম সাফল্য পান রিশাদ। নিজের ওভারের তৃতীয় বলেই ১৮ বলে ৩০ রান করা ওপেনার টমাস রজার্সকে লং অফে ক্যাচে পরিণত করেন। পরের ওভারেই শর্ট ডেলিভারিতে প্যাডেল সুইপ করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দেন আরেক ওপেনার জো ক্লার্ক, যিনি ২০ বলে ২০ রান করেছিলেন।
প্রথম দুই ওভারে নিয়ন্ত্রিত বোলিং করে মাত্র ১৪ রান দিলেও তৃতীয় ওভারে রিশাদের ওপর চড়াও হন মার্কাস স্টয়নিস। ওই ওভারেই আসে ১৯ রান, যা ম্যাচের গতিপথ বদলে দেয়। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি হোবার্ট হারিকেনস।
১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দাপট দেখায় মেলবোর্ন স্টারস। প্রথম পাঁচ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৪ রান তোলে তারা। রিশাদ কিছুটা চাপ তৈরি করলেও স্টয়নিস ও কেল্যাওয়ের অবিচ্ছিন্ন জুটিতে সহজ জয় নিশ্চিত হয়। এই জুটিতে আসে ৫১ বলে ১০১ রান। স্টয়নিস ৩১ বলে অপরাজিত ৬২ এবং কেল্যাওয়ে ২৭ বলে ৪১ রান করেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি হোবার্ট হারিকেনস। ইনিংসের প্রথম সাত বলেই মাত্র ১০ রান তুলতে গিয়ে হারায় দুই উইকেট। দলীয় ৩৬ রানে ফিরে যান নিখিল চৌধুরী। চতুর্থ উইকেটে বেন ম্যাকডারমট ও টিম ডেভিড ৬১ বলে ৮৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ডেভিড ৩১ বলে ৩১ রান করে আউট হলেও ম্যাকডারমট ৫২ বলে ৬৯ রানের লড়াকু ইনিংস খেলেন। শেষ পর্যন্ত হোবার্টের সংগ্রহ দাঁড়ায় ১৫৮ রান। রিশাদ ৩ বলে ৫ রান করে অপরাজিত থাকেন।



