আসন্ন ৭৯তম কান চলচ্চিত্র উৎসবকে ঘিরে ইতোমধ্যেই উত্তেজনা তুঙ্গে। বিশ্বখ্যাত ম্যাগাজিন ‘দ্য হলিউড রিপোর্টার’-এর তথ্য অনুযায়ী, এবারের উৎসবে পেদ্রো আলমোদোভার, আসগর ফারহাদি, জোয়েল কোয়েন এবং লার্স ফন ট্রায়ারের মতো কিংবদন্তি নির্মাতাদের সিনেমাগুলো মূল প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে।
এবারের রেড কার্পেটে গ্ল্যামার ছড়াতে প্রস্তুত একঝাঁক তারকা। সান্দ্রা হুলার, লিয়া সেডু, চার্লি এক্সসিএক্স, পল ড্যানো এবং ডেভ বাউতিস্তার মতো অভিনয়শিল্পীদের উপস্থিতি উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে জাপানি অভিনেতা মাসাহিরো মটোকির অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক সিনেমা মহলে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে।
চলচ্চিত্র প্রেমীদের নজর এখন কোন ছবিগুলো শেষ পর্যন্ত ‘পালমে দর’ বা স্বর্ণপাম জয় করে সেদিকে। নামী পরিচালকদের পাশাপাশি প্রতিভাবান নতুন নির্মাতাদের কাজও এবারের উৎসবে চমক হিসেবে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।



