ঝালকাঠির রাজাপুর উপজেলায় মাত্র ৫০০ টাকা বাজির জেরে কনকনে শীতের সকালে ঠান্ডা পানিতে একটানা ১১২ বার ডুব দিয়ে বাবুল মোল্লা (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার বড়ইয়া ইউনিয়নের পালট গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাচারিবাড়ি বাজারে কয়েকজনের সঙ্গে তর্কে জড়িয়ে ৫০০ টাকার বাজিতে পুকুরের ঠান্ডা পানিতে ডুব দিতে রাজি হন বাবুল। বাজি জিততে গিয়ে টানা ১১২ বার ডুব দেওয়ার পরপরই তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ রাসেলের ধারণা, তীব্র ঠান্ডায় শরীরের তাপমাত্রা হঠাৎ কমে যাওয়া বা হৃৎপিণ্ডের ওপর অতিরিক্ত চাপের কারণে এই মৃত্যু হতে পারে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সামান্য টাকার জন্য এমন ঝুঁকিপূর্ণ ও হঠকারী সিদ্ধান্ত একটি তাজা প্রাণ কেড়ে নেওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



