যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে যুক্তরাষ্ট্রের সামরিক পরিবহন বিমান সি-১৭ যোগে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ।
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিবাসন নীতিকে কঠোর করে তোলে। এরই ধারাবাহিকতায় অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা হয়। ওই প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন সময়ে একাধিক দফায় একশ’রও বেশি বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। নতুন দফায় আরও ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
ওয়াশিংটনের একটি সূত্র জানায়, ফেরত পাঠানো বাংলাদেশিদের মধ্যে কয়েকজনের নাগরিকত্ব ও নথিপত্র সংক্রান্ত জটিলতা রয়েছে, যার ফলে দেশে ফিরে আসার প্রক্রিয়ায় কিছুটা ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে তাদের। এর আগে যেসব বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল, তাদের অনেকে বাণিজ্যিক ফ্লাইটে এসেছিলেন। তবে এবার ফেরত পাঠানো সবাই এসেছেন মার্কিন সামরিক পরিবহন বিমানে।
বাংলাদেশ সরকারের সহযোগিতায় ফেরত পাঠানোর প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। যাদের বৈধ পাসপোর্ট রয়েছে, তাদের দ্রুত ফেরত পাঠানো যাচ্ছে। তবে যাদের পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ, তাদের জন্য বাংলাদেশের সংশ্লিষ্ট মিশন একমুখী ট্রাভেল পারমিট (TP) ইস্যু করছে। যাদের কোনো পরিচয়পত্রই নেই, তাদের নাগরিকত্ব যাচাই শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে TP দেওয়া হচ্ছে।



