শুক্রবারের প্রাণঘাতী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই শনিবার (২২ নভেম্বর) রাজধানী ও আশপাশের এলাকায় ৮ ঘণ্টার ব্যবধানে আরও তিনটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ঘন ঘন এই ভূকম্পনকে বিশেষজ্ঞরা আশঙ্কাজনক বলে সতর্ক করেছেন। বিশ্বব্যাপী ভূমিকম্পের তথ্যভিত্তিক ওয়েবসাইট ‘আর্থকোয়াকট্র্যাকার ডটকম’-এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মোট ৯১টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) দুপুরের আপডেটে আরও জানানো হয়, গত সাত দিনে বিশ্বব্যাপী অন্তত ৮৫২টি ভূমিকম্প হয়েছে।
বাংলাদেশে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা রাজধানীসহ সারাদেশে অনুভূত হয়। শনিবার সকাল ১০টা ৩৮ মিনিট ১২ সেকেন্ডে প্রথম মৃদু কম্পনটি অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩ দশমিক ৩ এবং উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে নরসিংদীর পলাশে। সন্ধ্যায় রাজধানীর বাড্ডায় আবারও দুই দফা ভূমিকম্প হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়, এবং মাত্র ১ সেকেন্ড পর ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে আরেকটি ভূমিকম্প ঘটে, যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর মধ্যে প্রথম কম্পনের উৎপত্তিস্থল ছিল বাড্ডায় এবং দ্বিতীয়টির উৎপত্তিস্থল নরসিংদীতে।
শুক্রবারের ভূমিকম্পে আতঙ্কে রাজধানীসহ বিভিন্ন এলাকার মানুষ ঘরের বাইরে বের হয়ে আসেন। এই ঘটনায় শিশুসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। নরসিংদীতে সর্বোচ্চ পাঁচজন মারা যান, ঢাকায় চারজন ও নারায়ণগঞ্জে একজনের মৃত্যু হয়। অনেকেই আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়েন, আর বেশ কিছু ভবনে ফাটল ও হেলে পড়ার ঘটনাও ঘটে।



