বিদেশে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য আগামী ২৩ জুলাই থেকে রাজধানী ঢাকায় শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা আয়োজন ‘ফেয়ার কনভেনার প্রেজেন্টস ৬৪তম বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা ২০২৬’। ‘চলো বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ মেলার মূল লক্ষ্য হলো শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তর্জাতিক উচ্চশিক্ষা সম্পর্কে সঠিক, নির্ভরযোগ্য এবং হালনাগাদ তথ্য প্রদান করা। ফেয়ার কনভেনার ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এ শিক্ষামেলা চলবে ২৫ জুলাই পর্যন্ত।
রাজধানীর বসুন্ধরায় অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর হল-১-এ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য প্রবেশ থাকবে সম্পূর্ণ উন্মুক্ত ও বিনামূল্যে। একই সময়ে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান এডুকেশন এক্সপো, মালয়েশিয়ান এডুকেশন এক্সপো এবং ইউকে এডুকেশন এক্সপো, ফলে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, কোর্স, স্কলারশিপ, টিউশন ফি, ভর্তির যোগ্যতা এবং ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন আগ্রহীরা।
মেলায় অংশ নিচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিক্ষা পরামর্শক ও আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শিক্ষার্থীরা পছন্দের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে ভর্তি, স্কলারশিপ, ভিসা প্রক্রিয়া এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারবেন। পাশাপাশি থাকছে সরাসরি আবেদন ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ।
ফেয়ার কনভেনার ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ গালিব বলেন, বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তথ্যের অভাব নয়, বরং সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের অভাব। ভুল পরামর্শের কারণে অনেক মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন থেমে যায়। তাই শিক্ষার্থীদের সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সংযুক্ত করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আয়োজকদের মতে, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এ মেলা একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এখানে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সচেতন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন, যা তাদের উচ্চশিক্ষার যাত্রাকে আরও সহজ ও নিরাপদ করবে।



