২০২৫ সালে আবারও ফুটবল জগতের আয়ের তালিকায় শীর্ষে উঠেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফোর্বস প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, সৌদি ক্লাব আল নাসরের এই পর্তুগিজ সুপারস্টার বছরে আয় করছেন ২৮ কোটি ডলার, যা তাকে এক দশকে ষষ্ঠবারের মতো বিশ্বের সর্বোচ্চ আয়কারী ফুটবলার বানিয়েছে।
ফোর্বসের হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ মৌসুমে বিশ্বের ফুটবলারদের সম্মিলিত আয় দাঁড়িয়েছে ৯৪ কোটি ৫০ লাখ ডলার—বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার ৪৫৯ কোটি টাকা। এর মধ্যে এককভাবে সবচেয়ে বড় অংশ রোনালদোর দখলে। ক্লাব চুক্তি থেকে তার আয় ২৩ কোটি ডলার, আর স্পনসরশিপসহ মোট আয় দাঁড়িয়েছে ২৮ কোটি ডলারে।
দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি, যিনি বর্তমানে ইন্টার মায়ামিতে খেলছেন। তার বার্ষিক আয় ১৩ কোটি ডলার। তৃতীয় স্থানে রয়েছেন সৌদি ক্লাব আল ইত্তিহাদের করিম বেনজেমা, যার আয় ১০ কোটি ৪০ লাখ ডলার। এরপরই আছেন রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে (৯ কোটি ৫০ লাখ ডলার) এবং ম্যানচেস্টার সিটির গোলমেশিন আরলিং হালান্ড (৮ কোটি ডলার)।
ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছেন যথাক্রমে ভিনিসিয়ুস জুনিয়র (৬ কোটি ডলার), মোহাম্মদ সালাহ (৫ কোটি ৫০ লাখ ডলার), সাদিও মানে (৫ কোটি ৪০ লাখ ডলার), জুড বেলিংহাম (৪ কোটি ৪০ লাখ ডলার) এবং বার্সেলোনার কিশোর প্রতিভা লামিন ইয়ামাল (৪ কোটি ৩০ লাখ ডলার)।
বিশেষ দিক হলো—মাত্র ১৮ বছর বয়সেই ইয়ামাল বিশ্বের সর্বোচ্চ আয়কারী ফুটবলারদের তালিকায় জায়গা করে নিয়েছেন। দামি ব্র্যান্ডগুলোর সাথে চুক্তি তার আয়ের গ্রাফ দ্রুত বাড়িয়ে দিয়েছে, যা ফুটবলের নতুন প্রজন্মের উত্থানের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে।
সূত্র: ফোর্বস



