এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা এক মাসের মধ্যে শুধু ফেল করা বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এ বছর এক ও দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।
মাহদী আমিন বলেন, ‘এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে যারা অকৃতকার্য হয়েছে, তাদের পরীক্ষা নেওয়া হবে এক মাসের মধ্যে। এক বছর অপেক্ষা করতে হবে না।’
বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাকে পরবর্তী বছরের পরীক্ষায় অংশ নিতে হয়। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা চাইলে সব বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। তবে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হওয়ায় অনেক শিক্ষার্থী শিক্ষাজীবনে পিছিয়ে পড়ে এবং বাড়তি মানসিক চাপের মুখে পড়ে।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।



