মাত্র ১৪ বলে হাফসেঞ্চুরি ও ৩৫ বলে সেঞ্চুরি— হাবিবুর রহমান সোহানের দিনটি ছিল রেকর্ডময় ও বিস্ফোরক। তার ঝড়ো ব্যাটিংয়ে রাইজিং স্টার এশিয়া কাপে হংকংকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। কাতারের দোহায় ১৬৮ রানের লক্ষ্য সোহানের বিধ্বংসী ইনিংসে মাত্র ১১ ওভারেই ছুঁয়ে ফেলে বাংলাদেশ, জয় আসে ৮ উইকেটে।
ডানহাতি ওপেনার সোহান ৩৫ বলে অপরাজিত সেঞ্চুরি করে গড়েছেন বাংলাদেশের হয়ে স্বীকৃত ক্রিকেটে দ্রুততম শতকের রেকর্ড। এর আগে দ্রুততম সেঞ্চুরি ছিল পারভেজ হোসেন ইমনের (৪২ বল)। সোহান ৮টি চার ও ১০টি ছক্কায় সাজান তার ধ্বংসাত্মক ইনিংস। ওপেনিং জুটিতে ৬.৩ ওভারে ১১১ রান আসে, যেখানে জিসান আলমের অবদান মাত্র ২০।
শুধু সোহানই নন, অধিনায়ক আকবর আলিও খেলেছেন দারুণ আগ্রাসী ইনিংস। ১৩ বলে ৬ ছক্কায় অপরাজিত ৪১ রান করে দলকে দ্রুত লক্ষ্য ছোঁয়াতে বড় ভূমিকা রাখেন তিনি। জিসান করেন ১৪ বলে ২০।
এর আগে হংকং ব্যাট করে বাবর হায়াতের ৪৯ বলে ৬৩ ও ইয়াসিম মোর্তুজার ২২ বলে ৪০ রানে ১৬৭ রান তোলে। তবে ব্যাটিং-বান্ধব উইকেটে সেই সংগ্রহকে সোহান একাই “মামুলি” বানিয়ে দেন।
এদিনের সেঞ্চুরির মাধ্যমে সোহান বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেট ও টি-টোয়েন্টি ক্রিকেট— দুই ফরম্যাটেই দ্রুততম শতকের মালিক হন। লিস্ট ‘এ’-তে তার দ্রুততম সেঞ্চুরি এসেছে ৪৯ বলে।



