আইপিএল নিলামে বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে শুরু হয় রীতিমতো দরযুদ্ধ। দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসকে পেছনে ফেলে শেষ পর্যন্ত এই যুদ্ধে জয়ী হয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি পেসারকে দলে ভেড়াতে তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা খরচ করেছে ৯ কোটি ২০ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। রেকর্ড পারিশ্রমিকে দল পেয়ে উচ্ছ্বসিত ‘কাটার মাস্টার’ মুস্তাফিজও।
দল পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করেন কম কথা বলা এই পেসার। এক ভিডিও বার্তায় মুস্তাফিজ বলেন, “হ্যালো কেকেআরের ভক্তরা, আমি মুস্তাফিজুর রহমান। কেকেআর দলের অংশ হতে পেরে আমি খুবই খুশি ও আনন্দিত। শিগগিরই দেখা হবে।” সংক্ষিপ্ত হলেও তার বার্তায় ছিল উচ্ছ্বাস ও কৃতজ্ঞতার প্রকাশ।
২ কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামে ওঠা মুস্তাফিজুর রহমানকে ঘিরে শুরু থেকেই আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। গত মৌসুমে বদলি খেলোয়াড় হিসেবে দিল্লির হয়ে খেলা এই পেসারের জন্য দ্রুতই বিডে যোগ দেয় চেন্নাই সুপার কিংসও—যে দলে আগে সফল সময় কাটিয়েছিলেন তিনি।
দিল্লি ও চেন্নাইয়ের দ্বৈরথে দর বাড়তে বাড়তে পৌঁছে যায় ৫ কোটির ঘরে। শেষ পর্যন্ত ৫ কোটি ৪০ লাখ রুপিতে গিয়ে দিল্লি সরে দাঁড়ায়। তখন মনে হচ্ছিল, মুস্তাফিজকে আবারও চেন্নাইয়ের জার্সিতে দেখা যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে নিলামে নাটকীয় মোড় নেয় পরিস্থিতি।
হঠাৎ করেই দরযুদ্ধে প্রবেশ করে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই ৭ কোটি রুপি পর্যন্ত দর বাড়ালেও পিছু হটেনি কেকেআর। দুদলের টানাপোড়েনে দর আরও চড়তে থাকে। একপর্যায়ে চেন্নাই সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নিলেও শেষ পর্যন্ত কেকেআরের দৃঢ় অবস্থানের সামনে টিকতে পারেনি। সব নাটকের অবসান ঘটে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ানোর মধ্য দিয়ে।



