১২৮ বছর পর অবশেষে অলিম্পিকে ফিরছে ক্রিকেট। লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ায় এরই মধ্যে শুরু হয়েছে স্টেডিয়াম নির্মাণের কাজ। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পোমোনা এলাকার ফেয়ারগ্রাউন্ডসে নির্মাণাধীন ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার অস্থায়ী এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে অলিম্পিক ক্রিকেট প্রতিযোগিতা। টি-টোয়েন্টি ফরম্যাটে পুরুষ ও নারী উভয় বিভাগে ছয়টি করে দল অংশ নেবে। ১৯০০ সালের পর এই প্রথম অলিম্পিক গেমসে ক্রিকেট ফিরল, যা বিশ্ব ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছেন, ক্রিকেটের বৈশ্বিক বিস্তারে এটি বড় পদক্ষেপ। অলিম্পিক আন্দোলনের অংশ হতে পেরে গর্ব ও স্বপ্ন দুটোই বয়ে আনছে বলে মন্তব্য করেন তিনি। এই ভেন্যুটি শুধু অলিম্পিকেই সীমাবদ্ধ থাকবে না; চলতি বছর এখানে মেজর লিগ ক্রিকেটের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আইসিসি। এছাড়া ২০২৮ সালে এই স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ আয়োজিত হতে পারে বলে ধারণা দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইশোর। তাঁর মতে, খেলোয়াড়দের প্রাপ্যতা চ্যালেঞ্জের মধ্যেও বিসিসিআই কয়েকটি দলকে প্রদর্শনী ম্যাচ পাঠানোর কথা বলেছে।



