রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত বাদীপক্ষের আইনজীবীর আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানিয়েছেন, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন এবং নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছিলেন না। তাই তাদের জামিন বাতিলের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি হিরো আলম ও তার সাবেক স্ত্রী রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। পরে হিরো আলম রিয়াকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। ২১ জুন মীমাংসার উদ্দেশ্যে হাতিরঝিল এলাকার একটি বাসায় রিয়ার পরিবারসহ বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু সেখানে উপস্থিত হয়ে হিরো আলমসহ ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করেন।
অভিযোগে আরও বলা হয়েছে, হামলার সময় বাদীর মাথা ও শরীরের বিভিন্ন অংশে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং তার গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন।



